লাকড়ির টাকা দিতে গিয়ে গৃহবধূ নিহত, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে শ্বাসরোধের অভিযোগ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় লাকড়ি কেনার টাকা পরিশোধ করতে গিয়ে দিলু আরা (৪০) নামে এক গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশী এক যুবক তাকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাঁশঝাড়ের জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের ও স্থানীয়দের। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। নিহত দিলু আরা ওই গ্রামের সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী। অভিযুক্ত বাবুল মিয়া (৩০) একই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিবেশী বাবুল মিয়ার কাছ থেকে আমগাছের কিছু লাকড়ি কিনেছিলেন দিলু আরা। রোববার সন্ধ্যায় ওই লাকড়ির পাওনা টাকা পরিশোধ করতে বাবুলের বাড়িতে যান তিনি।
স্থানীয়দের অভিযোগ, সেখানে একা পেয়ে বাবুল মিয়া অসৎ উদ্দেশ্যে দিলু আরার ওপর চড়াও হন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে দিলু আরার ওড়না দিয়েই তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত ও অচেতন অবস্থায় তাকে বাড়ির পাশের আজিজুলের বাঁশঝাড়ের জঙ্গলে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সেন্টু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় দিলু আরাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার শ্বাস-প্রশ্বাস চলছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গৃহবধূ দিলু আরার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় লালচাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Tags:
লাকড়ির
টাকা
দিতে
গিয়ে
গৃহবধূ
নিহত
প্রতিবেশী
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব...
আগস্ট ৩১, ২০২৬
মোংলা কাস্টমস হাউসের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদকে বদলী করা হয়েছে। আজ (৩১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা কাস্টমস...
আগস্ট ৩১, ২০২৬

